মধ্য নরসিংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন তিন শতাধিক মানুষ

14 November 2026 কাজী সোহাগ 116 বার দেখা
মধ্য নরসিংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন তিন শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মধ্য নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

শুক্রবার সকাল ৯টা থেকে জুমার আগ পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত রোগীদের ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শরীরের তাপমাত্রা পরিমাপ এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।

এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ আয়োজনটির প্রতি স্থানীয়দের আগ্রহের বিষয়টি তুলে ধরে।

আয়োজকরা জানান, মানুষের মুখে হাসি ফোটানো, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের কল্যাণে কাজ করাই রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের মূল লক্ষ্য। শুধু রক্তদান কার্যক্রম নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণেও সংগঠনটি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা আরও জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বাস্থ্যসেবা ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কাশীপুর ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর চিশতী। এ আয়োজন সফল করতে সময়, শ্রম ও সহযোগিতা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানবিক সেবার প্রত্যয়ে সংগঠনটির স্লোগান— “জীবনের জন্য রক্ত, সমাজের জন্য দায়িত্ব।”

সম্পর্কিত সংবাদ

কাশীপুরে পদ্ম গোখরার উপস্থিতি, আতঙ্কে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী
কাশীপুরে পদ্ম গোখর
বিস্তারিত